
: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও ২, ৩ ও ৪ দফায় আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১৯ আগস্ট) গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি জানান, কিছু বিষয় আলোচনায় না হলেও খসড়ায় রাখা হয়েছে, আবার কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপন হয়নি। সবকিছু পর্যালোচনা করে বিএনপি কমিশনকে আনুষ্ঠানিক মতামত জানাবে।
বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদের ৮৪ দফার মধ্যে যেগুলোতে সব রাজনৈতিক দল একমত, সেগুলোর বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট নয়। আর যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে, সেগুলোর সুরাহা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষ করে সংবিধান সংস্কার সংক্রান্ত অঙ্গীকার চূড়ান্ত খসড়ায় অনুপস্থিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আগের সনদে নির্বাচিত সংসদকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের কথা বলা হলেও, নতুন সনদে তা নেই। বরং দ্বিতীয় দফার আলোচনার পর সনদকে সংবিধানের ওপর রাখা হয়েছে, যা সঠিক নয়। কোনো ডকুমেন্ট সংবিধানের ঊর্ধ্বে হতে পারে না।”
নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে নির্বাচন কমিশনকে ইতোমধ্যে চিঠি দিয়েছেন। কমিশনের প্রস্তুতিও প্রায় শেষপর্যায়ে। “কিছু দল কৌশলগত কারণে মাঠে ভিন্ন কথা বললেও নির্বাচনের সময় নিয়ে আমাদের কোনো সংশয় নেই।”




