
: ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই অভিনন্দন জানায় পাকিস্তান জামায়াত। গতকাল অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে পুরো প্যানেলে জয়লাভ করে ইসলামী ছাত্রশিবির।
পাকিস্তান জামায়াতের বার্তায় বলা হয়, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেলে বিজয় অর্জনে ইসলামী ছাত্রশিবিরকে (ইসলামি জামিয়াতে তালাবা) প্রাণঢালা অভিনন্দন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সাফল্য বাংলাদেশে উন্নয়ন ও নির্মাণের নতুন যুগের সূচনা করবে, জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরবে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির পথে অগ্রসর করবে। ইনশা আল্লাহ।’
এর আগে এক্সে শিবিরকে অভিনন্দন জানান পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমান। তবে কিছু সময় পর তাঁর বার্তাটি মুছে ফেলা হয়। সেই বার্তায় তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিজয় অর্জন করেছে। পুরো প্যানেল বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।’
নাইম উর রহমান আরও বলেন, ‘উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্যানেল ভারতপন্থী শক্তির সম্মিলিত সমর্থন পেয়েছিল। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের এই সাফল্য শুধু ছাত্র ও যুবসমাজের অধিকার রক্ষার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি দিতেও সহায়তা করবে এবং দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্তে নিয়ে যাবে।’
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন, ‘প্রতিকূলতা সত্ত্বেও তারা গণতন্ত্রের নার্সারি হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই সাফল্যে তাদেরও কৃতিত্ব রয়েছে।’




