
নিজস্ব প্রতিবেদক, বাগমারা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে মঙ্গলবার বিকেলে হাটমাধনগর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।
প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন অধ্যাপক কামাল হোসেন। মঙ্গলবার গণসংযোগকালে বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেনের ধারাবাহিক গণসংযোগ কার্যক্রমকে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা মাঠ পর্যায়ে তুলে ধরে তিনি তৃণমূল কর্মী ও ভোটারদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয়ভাবে বিএনপি দীর্ঘদিন ধরেই সাংগঠনিক চাপে থাকলেও নিয়মিত গণসংযোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে গ্রামীণ বাজার ও মোড়ভিত্তিক প্রচার কার্যক্রম ভোটারদের কাছে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।




