আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ভন্ড দল থেকে সবাইকে সতর্ক থাকতে হবে: মিলন – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে তাদের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবে। তবে জামায়াতে ইসলাম নামে একটি দল এ নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে থাকতে হবে এবং ধানের শীষকে সুরক্ষা দিতে হবে।

রোববার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলাম কোন ইসলামী দল নয়, তারা মওদুদীবাদী দল। তারা ধর্মের নামে মানুষকে বেহেস্তে পাঠানোর প্রলোভন দেখাচ্ছে। নিজেদের কোনও খোঁজ নেই, আরেকজনকে তারা বেহেস্তে পাঠাচ্ছেন। এই ভন্ড দল থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

মিলন আরও বলেন, ‘‘পতিত সরকারের আমলে নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। দিনের ভোট রাতের মধ্যে শেষ হয়েছে, ভোটের আগে ব্যালটে সিল মেরে রাখা হতো। তারা যাকে ইচ্ছা এমপি বা চেয়ারম্যান বানিয়েছেন। সুতরাং আগের নির্বাচনের সঙ্গে এখনকার নির্বাচন ভিন্ন হবে। এজন্য নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাতে হবে।’’

তিনি বলেন, ‘‘পতিত সরকারের আমলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নানা অমানবিক কষ্ট সহ্য করেছেন। ৬০ লক্ষ নেতাকর্মীর নামে পাঁচ লাখ মামলা দায়ের, ২০ হাজারের বেশি নেতাকর্মী খুন, সতেরশত নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

মিলন উল্লেখ করেন, পতিত সরকার থেকে দেশ মুক্ত হয়েছে। ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা ও ত্যাগের বিনিময়ে পতিত সরকার পালিয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে। আগামীর বাংলাদেশ গঠনে ধানের শীষকে সুরক্ষা দিতে হবে যাতে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করতে পারে।

সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি বকুল হোসেন। সাধারণ সম্পাদক মহির আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর-এ আলম সিদ্দিকি মুকুল, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম মাসুদ, মোহনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর্জা শওকত, মোহনপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান ইসলাম ও সাধারণ সম্পাদক শিমুল রানা প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *