
: ‘চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওৎ পেতে আছে’ -এমন মন্তব্য করে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, শিগগিরই ধাপে ধাপে প্রতিটি আসনে বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
রোববার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসী সদস্যদের অনলাইন সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দলের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমেরও উদ্বোধন করেন।
তারেক রহমান বলেন, “শিগগিরই বিএনপির মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। দল যাকে প্রার্থী করবে, তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মনে রাখবেন, আপনাদের মধ্যে বিবাদ বা বিভাজন যেন প্রতিপক্ষের সুযোগ হয়ে না দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “ধানের শীষ জিতলে আপনি জিতবেন, জিতবে দেশ ও গণতন্ত্র। তাই শহীদ জিয়ার অনুসারী, বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে আপনারা সবাই একই লক্ষ্য নিয়ে কাজ করুন। এমন কোনো আচরণ করবেন না যাতে নেত্রী বা দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়।”
আগামী নির্বাচনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে। তফসিল ঘোষণার পর বিএনপি পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশ নেবে। ইতোমধ্যে তিনশ আসনের মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।”
তিনি জানান, বিএনপি একটি জনপ্রিয় দল হওয়ায় প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন, যা দলের জন্য গৌরবের বিষয়। তবে প্রত্যেককে মনোনয়ন দেওয়া সম্ভব নয়।
রাজপথের শরিক দলগুলো সম্পর্কেও তিনি বলেন, “যেসব দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের পাশে ছিল, কিছু আসনে তাদেরও সমর্থন দেবে বিএনপি। তাই কিছু আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন না-ও পেতে পারেন। এটি গণতন্ত্র ও দেশের বৃহত্তর স্বার্থে মেনে নিতে হবে।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের উক্তি স্মরণ করিয়ে দেন- “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হাসান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ।




