আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

পাবনায় ছাত্রদলের সাংগঠনিক কর্মসূচি – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, “জীবনে শেখ হাসিনা কখনো প্রথম হতে পারেননি। তবে একটি বিষয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম— দেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হিসেবে।”

বুধবার দুপুরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় জেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

ডা. আউয়াল অভিযোগ করেন, “একটি দল ধর্মের কথা বলে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে।” তিনি আরও বলেন, “জামায়াত-শিবির ও আওয়ামী লীগ একই ধরনের রাজনীতি করে। অন্যদিকে ছাত্রশিবির নিজেদের পরিচয় গোপন করে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে, যা প্রতারণার শামিল।”

তিনি জানান, বিএনপি কোনো গোপন দল নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের তরুণ শিক্ষার্থীদের মাঝে দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হচ্ছে। “আমরা কোনো পরাশক্তির অনুসারী নই। দিল্লি নয়, পিন্ডি নয়- সবার আগে বাংলাদেশই আমাদের অঙ্গীকার,” বলেন তিনি।

অনুষ্ঠানে জেলা ছাত্রদল সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাজিব আহম্মেদ, মোকছেদুল মোমিন মিথুনসহ জেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কয়েক শতাধিক শিক্ষার্থী পদপ্রত্যাশী কর্মসূচিতে অংশ নেন।

দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলে সাক্ষাৎকার গ্রহণ। তরুণ নেতাদের স্লোগানে পুরো কার্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন- পরবর্তী সাংগঠনিক সফর হবে কুষ্টিয়া, এরপর মেহেরপুরে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *