
: আগামী ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে -এ বিষয়ে কোনো শঙ্কা বা সন্দেহের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে যে সভাগুলো হয়েছে, সেগুলোও অত্যন্ত ফলপ্রসূ ছিল। আমি মনে করি, এ সফর বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে। আসন্ন নির্বাচনের লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।”
নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পর হেনস্তার ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, “এসব বিষয়কে আমরা বড় করে দেখি না। অতীতেও এমন ঘটনা ঘটেছে। এটা আওয়ামী লীগের সৃষ্টি করা এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি।”
এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরেন। বিএনপি মহাসচিব দলীয় একটি অনুষ্ঠান শেষে একদিন পর দেশে ফিরেছেন।
প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।




