
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সাতটি আসনের মধ্যে পাঁচটির সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ও বুধবার সন্ধ্যায় ফোনে তিনি বগুড়ার পাঁচ আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
ওইসব প্রার্থীরা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা সভাপতি মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন দুটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তাই এ দুটি আসনে কাউকে সংকেত দেওয়া হয়নি। সবার ধারনা, বগুড়া-৬ আসনে খালেদা জিয়া ও বগুড়া-৭ আসনে তারেক রহমান প্রার্থী হবেন।
হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়া সম্ভাব্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম, মীর শাহে আলম, আবদুল মুহিত তালুকদার, মোশাররফ হোসেন এবং গোলাম মোহাম্মদ সিরাজ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে তাদের প্রার্থী হওয়ার কথা বলেছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার নির্দেশ দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও জয়লাভের ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। প্রার্থীরা সবাই নির্বাচনে জয়লাভের ব্যাপারে ব্যাপক আশাবাদী।
এদিকে, তারেক রহমানের সবুজ সংকেত প্রদানের পর বগুড়ার পাঁচটি আসনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা উজ্জীবিত হয়েছেন। তবে মনোনয়নপ্রত্যাশী অন্য প্রার্থী ও তাদের লোকজন হতাশ হয়েছেন। তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
তারা বলেন, প্রার্থী হতে দীর্ঘদিন ধরে এলাকার মাটি ও মানুষের সঙ্গে কাজ করছেন। তারেক রহমানের ৩১ দফার প্রচার-প্রচারণা চালাচ্ছেন। জনগণকে ধানের শীষে ভোট প্রদানে উদ্বুদ্ধ করছেন। এরপরও হাইকমান্ড যাকে প্রার্থী করবেন সবাই তার পক্ষে কাজ করবেন।



