
: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, “আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী, তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।”
সভায় উপস্থিত মনোনয়নপ্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বিকেল ৪টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু হয়। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে বসেন তারেক রহমান।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং সংশ্লিষ্ট সাংগঠনিক বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।
মতবিনিময় সভার শুরুতে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় সতর্ক করে বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় উপস্থিত কয়েকজন মনোনয়নপ্রত্যাশী জানান, তারেক রহমান সভার শেষাংশে বলেন, “এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা দিক বিবেচনা করে প্রার্থী বাছাই করতে হচ্ছে। দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে। যারা সত্যিকার অর্থে বিএনপি করেন ও ভালোবাসেন, তারা দয়া করে বিএনপিকে ভাঙবেন না।”
তিনি আরও বলেন, “মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ শুরু করা। আগামী নির্বাচনে স্থানীয় সহকর্মীদের সহযোগিতা ছাড়া জয় সম্ভব নয়। তাই সবাইকে একসঙ্গে নিয়ে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে।”




