
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।
রোববার (২ নভেম্বর) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার মূল চালিকা শক্তি।”
রায়হান আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তারা দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা পরাজিত হয়েছে। স্বাধীনতার ওপর যে কোনো আঘাত যুবসমাজ জীবন দিয়ে হলেও প্রতিরোধ করবে।”
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রায়হান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতার চেতনাকে বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ তরুণরাই পারে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।”
তিনি আরও বলেন, “শুধু সভা-সমাবেশে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের মাঝে যেতে হবে, তাদের সমস্যা জানতে হবে। বৃহত্তর যুবসমাজের সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।”
রায়হান মনে করেন, তরুণ নেতৃত্বের চিন্তা ও উদ্যম কাজে লাগাতে পারলে একটি নতুন, গণতান্ত্রিক ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়া সম্ভব। “যুবকদের অংশগ্রহণ গণতন্ত্রকে সুসংহত করবে এবং উন্নত বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে,” বলেন তিনি।
অনুষ্ঠানের আয়োজন করে মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌরসভা যুবদল। আলোচনা সভা শেষে জেলা বিএনপির সদস্য রায়হানের নেতৃত্বে একটি পথসভা বের হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা জনগণের হাতে দল ঘোষিত ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন ও গণসংযোগ চালান।
সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন শাহ্ এবং সঞ্চালনা করেন আহসান হাবীব। বক্তব্য দেন কেশরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কামরুজ্জামান হেনা, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দানেস আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম হিরো, ছাত্রনেতা গোলাম মোস্তফা মুন, পজন্ম ৭১ দলের নেতা শাহাবুল ইসলাম, রাসেল, ঘাসিগ্রাম ইউপির সাবেক সদস্য জনাব আলীসহ বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




