
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে। মাহফুজার রহমান চৌধুরী রুবেলকে আহ্বায়ক এবং খন্দকার তারিকুল ইসলাম দিপুকে সদস্যসচিব করা হয়েছে। নতুন কমিটিতে মোট ৭৫ জন সদস্য থাকবেন।
রোববার (২ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষর রয়েছে।
নবগঠিত কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে ৯টি মূল পদ এবং ৫১ জন সদস্য রাখা হয়েছে। আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোজাহারুল হক, যুগ্ম আহ্ব্যায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, আখিয়ার পরাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মান্নান, মো. জিয়াউর রহমান, মো. গোলাম রাব্বানী ও এস. এম. জাহিদ রাব্বানী রশিদ।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুজ্জামান প্রভাত। সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মঞ্জুরুল আহসান রনি, বিপুল হাসান শিবলু, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, আবু আসাদ নওসের আজম, আকরাম হোসেন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে কাজী লুলুল মাহফিন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী।
নবনির্বাচিত আহ্বায়ক রুবেল বলেন, “নতুন দল হিসেবে এনসিপির জনপ্রিয়তা অন্যান্য দলের তুলনায় বেশি। আমরা প্রাথমিক পর্যায়ে আছি। অল্প সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করা হবে। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাই এখন আমাদের মূল লক্ষ্য।”




