আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বিএনপির মনোনয়নপ্রত্যাশী গাড়িবহরে হামলা – Padmatimes24

: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও প্রয়াত সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের কন্যা সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে সামিরা আজিম দোলাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সামিরা আজিম দোলা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছিলেন। ওই সময় প্রতিপক্ষ বিএনপি নেতা আবুল কালামের অনুসারীরা তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করা হয়।

হামলায় বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, যুবদল নেতা আবুল কাশেমসহ অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন সামিরা আজিম দোলা বলেন, “দল প্রাথমিকভাবে আবুল কালামকে মনোনয়ন দিয়েছে, তবে আমাকেও মাঠে কাজ করতে বলা হয়েছে। তারেক রহমানের ৩১ দফা প্রচারে গেলে আবুল কালামের নির্দেশেই আমার উপর হামলা চালানো হয়।” তিনি দাবি করেন, হামলাটি তাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে এবং এর সুষ্ঠু বিচার চান। সোমবার (১০ নভেম্বর) তিনি মামলা করবেন বলেও জানান।

অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতা আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, “এই হামলার সঙ্গে আমার কোনো অনুসারী জড়িত নয়। আমিও ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

এদিকে, হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, “ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, তবে মামলা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, সামনের নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এমন ঘটনা ঘটতে পারে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *