
রাজিউর রহমান রুমী, পাবনা: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস পাবনা–৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা এখন এক মঞ্চে, তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঐক্যের নতুন অধ্যায় সূচনা করেছেন।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, “শিমুল বিশ্বাসের মনোনয়ন জেলা বিএনপিতে ঐক্যের স্রোত বইয়ে দিয়েছে। আমরা এখন সবাই একসঙ্গে মাঠে কাজ করছি।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, শেখ তুহিন, আব্দুল মান্নান মাস্টার, পূর্ণিমা ইসলাম, হিমেল রানা ও জহুরুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
শিমুল বিশ্বাস বলেন, “এই মনোনয়ন আমার নয়-এটি পাবনা তথা দেশের কোটি শ্রমজীবী মানুষের আস্থার প্রতীক। তাদের সম্মান ও অধিকারই আমার রাজনীতির প্রেরণা।”
ছাত্রজীবনে মওলানা ভাসানীর আদর্শে রাজনীতি শুরু করলেও পরবর্তীতে জিয়া পরিবারের জাতীয়তাবাদী ভাবধারায় অনুপ্রাণিত হয়ে যুক্ত হন বিএনপিতে। দমন-পীড়ন ও কারাবাস সত্ত্বেও তাঁর আনুগত্য ও সংগঠনী দক্ষতা তাঁকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম ভরসায় পরিণত করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী হিসেবে তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় ভূমিকা রেখে নিজেকে শ্রমজীবী মানুষের নেতায় পরিণত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিমুল বিশ্বাস এখন বিএনপিতে শ্রমিক রাজনীতির প্রাণ, যিনি রাজনীতি ও সংগঠনকে এক সূত্রে বেঁধেছেন।
নিজ নির্বাচনী এলাকা পাবনা-৫ জুড়েও তাঁর উপস্থিতি শুধু রাজনীতিতে নয়, মানবিক কর্মকাণ্ডেও সমানভাবে অনুভূত। বন্যা, নদীভাঙন কিংবা কৃষকের দুর্দিন-সব ক্ষেত্রেই পাশে থেকেছেন সাধারণ মানুষের। তরুণ প্রজন্ম তাঁকে দেখছে নীতিনিষ্ঠ, পরিশ্রমী ও দূরদর্শী রাজনীতিক হিসেবে।
পাবনা-৫-এর ভোটাররা এখন নতুন আশায় বুক বাঁধছেন-শিমুল বিশ্বাসের নেতৃত্বে পাবনা পাবে ঐক্য, উন্নয়ন ও শ্রমজীবী মানুষের মর্যাদা পুনরুদ্ধারের নতুন অধ্যায়।




