
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারীর প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় ফিরে এসে তারা সড়ক অবরোধ করেন। এসময় সড়কে বসে টায়ার জ্বালিয়ে কর্মী-সমর্থকরা বিক্ষোভ জানান।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক ডিসি ও সচিব আব্দুল বারী। কিন্তু অতীতে তাকে কখনো জয়পুরহাটের রাজপথে দেখা যায়নি। রাজপথে রাজনীতিতে না থেকেও ৫ আগস্টের পর অতিথি পাখির মতো এলাকায় এসে মনোনয়ন পেয়েছেন তিনি। অন্যদিকে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে রাজপথে থেকে লড়াই-সংগ্রাম করেছেন। তাই প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে গোলাম মোস্তফাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান কর্মী-সমর্থকরা।




