
: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে একটি চিঠি পাঠিয়েছেন। শনিবার রাত ১১টা ৩৬ মিনিটে চিঠিটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। শাহবাজ শরিফের স্বাক্ষরিত ইংরেজি ভাষায় লেখা চিঠিটির তারিখ ২৮ নভেম্বর।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। গত বুধবার থেকে প্রায় সাড়াহীন থাকা খালেদা জিয়া তিন দিন পর শনিবার কথা বলেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, শারীরিক অবস্থায় গতকাল সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে।
চিঠিতে শাহবাজ শরিফ লেখেন, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর জানার পর তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানের জনগণ, সরকার এবং ব্যক্তিগতভাবে তাঁর পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানান তিনি।
তিনি আরও লিখেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান সর্বত্র স্বীকৃত, এবং বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকা অত্যন্ত মূল্যবান। খালেদা জিয়া যেন দল ও জাতির শক্তি হয়ে পথ দেখাতে পারেন-এই প্রার্থনাও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।





