আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল

: ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ মেডিকেল দল বুধবার ঢাকায় পৌঁছাবে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার দুপুরে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশ খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি জানান, “আজও ইউকে থেকে বিশেষজ্ঞরা এসে ম্যাডামের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন। তাদের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ হবে।”

এ মুহূর্তে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই জানিয়ে ডা. জাহিদ বলেন, “আমরা প্রস্তুত। তবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। সোমবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে ‘স্পেশাল কেয়ারে’ রাখা হয়।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া চলছে।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তিনি চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেওয়া হবে। তবে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি ট্রাভেল পাস নয়, পাসপোর্ট নিয়েই ফিরতে চান।

মঙ্গলবার সকালে ফেইসবুকে প্রকাশিত এক বার্তায় জিয়া পরিবারের প্রতি দেশের মানুষের সহমর্মিতায় কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তিনি লেখেন, “দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া আমাদের শক্তি ও প্রেরণা।”

২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে গত ১৭ বছর ধরেই সেখানে অবস্থান করছেন বিএনপি নেতার পরিবারটির এই সদস্য।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *