আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জিয়া পরিবারের প্রতি সহমর্মিতায় তারেক রহমানের কৃতজ্ঞতা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ে দেশ-বিদেশ থেকে পাওয়া সহযোগিতা, সমর্থন ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি আরও লেখেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক, বন্ধুপ্রতীম ব্যক্তি এবং দেশের মানুষের উদ্বেগ–উৎকণ্ঠা ও ভালোবাসা তাদের পরিবারের জন্য শক্তি ও প্রেরণার উৎস। “মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল,”—যোগ করেন তিনি।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বহু জটিলতার কারণে তার চিকিৎসা আরও কঠিন হয়ে পড়েছে। অবস্থার অবনতি হওয়ায় এইচডিইউ থেকে রোববার ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *