
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সিংড়া দমদমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু। দলীয় পরিচয়ের পাশাপাশি এলাকায় তাঁর আরেকটি পরিচয় রয়েছে- তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকার চাচা, অর্থাৎ পলকের চাচাশ্বশুর।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনোয়ারুল ইসলাম আনুর নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিংড়া থেকে পরপর নির্বাচিত হন জুনাইদ আহমেদ পলক। বিভিন্ন সময়ে বিএনপির পক্ষ থেকে এ আসনে মনোনয়ন পান প্রবীণ নেতা অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ ও পরে তরুণ নেতা দাউদার মাহমুদ। তবে গত অক্টোবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে ‘গ্রীন সিগনাল’ দেন আনোয়ারুল ইসলাম আনুকে। গত নভেম্বরের শুরুতে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও নাটোর-৩ আসনটি স্থগিত রাখা হয়। পরে আজ চূড়ান্তভাবে এ আসনে তাঁর নাম ঘোষণা করা হলো।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে প্রতিক্রিয়ায় আনোয়ারুল ইসলাম আনু বলেন, “নাটোর-৩ আসন বিএনপির ঘাঁটি। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে এ আসনটি দলকে উপহার দিতে চাই।”
নাটোর-৩ আসনে জামায়াতে ইসলামীর অধ্যাপক সাইদুর রহমান ও এনসিপির জর্জিস কাদির বাবুও প্রার্থী হচ্ছেন। তাদের সঙ্গেই লড়াইয়ে নামবেন বিএনপির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।




