
: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত স্থগিত হয়েছে। কাতারের উদ্যোগে জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে নেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটির মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের যে অনুমতি ছিল, সেটি প্রত্যাহারের জন্য নতুন করে আবেদন করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে অপারেটর প্রতিষ্ঠানটি পূর্বের স্লট বাতিলের আবেদন করেছে। এ আবেদন এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
এর আগে রোববারের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ এবং রাত ৯টায় লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি মিলেছিল এয়ার অ্যাম্বুলেন্সটির। বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এ বিশেষায়িত মেডিকেল জেটটি কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় আনার কথা ছিল।
দীর্ঘদিন ধরেই জটিল ও বহুসংখ্যক রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। তার মধ্যে রয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতা। শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছিল।
২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।




