
: মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে যেকোনো সময় ঢাকায় পৌঁছাবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা এখন পুরোপুরি নির্ভর করছে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে তিনিই কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
এনামুল হক চৌধুরী বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বোর্ড যখনই সিদ্ধান্ত দেবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাবে।”
জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে আনছে। সব ধরনের ব্যবস্থা তাদের তত্ত্বাবধায়নেই হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এতে কোনো পৃথক উদ্যোগ নেই বলে তিনি স্পষ্ট করেন।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, এখনো তিনি ফ্লাই করার উপযোগী নন। এ কারণে লন্ডন যাত্রা বারবার বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাদের প্রতিবেদন পর্যালোচনা চলছে। শুক্রবারও দুই দফা বৈঠকে তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনায় বসেন চিকিৎসকরা।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। শুক্রবার তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং সম্ভাব্য লন্ডন যাত্রায় সহযোগিতা করতে।
চিকিৎসকরা জানান, মেডিকেল বোর্ডের মূল্যায়নই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে। তাদের সবুজ সংকেত মিললেই যেকোনো সময় ঢাকায় পৌঁছে যাবে রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।




