
: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপির কোনো নেতা অংশ নিচ্ছেন না। শনিবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে সমাবেশে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা-সে বিষয়ে কিছু জানায়নি দলটি।
দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে গণহত্যার বিচার, সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং “জুলাই অভ্যুত্থানের চেতনায়” নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেবেন তিনি।
জামায়াতের নেতারা জানান, সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগমের লক্ষ্য নিয়ে তারা সারা দেশে ব্যাপক গণসংযোগ ও প্রস্তুতি নিয়েছেন। ঢাকা ও ঢাকার বাইরে থেকে অংশ নিতে ১০ হাজার বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সমাবেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ভিন্ন ধর্মাবলম্বী নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের লক্ষ্য অন্তত ১৫ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করা।
এর আগে সকাল সাড়ে ৯টায় সাংস্কৃতিক আয়োজন দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। দুপুরে সমাবেশস্থলে প্রবেশ করলে আমিরকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান কর্মীরা।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এরই প্রেক্ষাপটে বিএনপি জামায়াতের এ সমাবেশে অংশ নিচ্ছে না।




