
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে জামায়াতের এক কর্মীকে মারধরের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেলে নলডাঙ্গা থানার সামনে সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাধনগর বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা জামায়াত কর্মী হাফেজ ইউসুফ আলীকে মারপিট করে গুরুতর আহত করেছে। তারা বলেন, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন নলডাঙ্গা পৌর নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউল হক জিয়া, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, রোকন সদস্য জিয়াদুল ইসলাম, মাওলানা আবু নওশাদ নোমানী, হাফেজ আশরাফুল ইসলাম, মামুনুর রশীদ মোল্লা, সাইফুল ইসলামসহ জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী।




