
: কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষণা করা ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী।
শনিবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরকারি কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে। বিক্ষোভের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, চকরিয়া সরকারি কলেজগেট এলাকায় কয়েকজন যুবক মাথায় হেলমেট পরে টায়ারে পেট্রল ঢেলে আগুন দিচ্ছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেন। এ সময় মহাসড়কের এক পাশে টায়ার জ্বালানো হলেও অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল অব্যাহত ছিল। এক পর্যায়ে পুলিশের গাড়ির সাইরেন বাজলে বিক্ষোভকারীরা দ্রুত সটকে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগের কর্মী মো. সুমন, মো. ছোটন ও মো. বাপ্পির নাম পাওয়া গেছে। এদের মধ্যে এনামুল হক নিজেই তাঁর ফেসবুকে বিক্ষোভের ভিডিও পোস্ট করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “গোপালগঞ্জের ঘটনায় প্রতিবাদ জানাতে শেখ হাসিনা হরতালের ডাক দিয়েছেন। আমরা তার সমর্থনে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।”
চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়ার খবর পেয়ে রাতেই অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।”
উল্লেখ্য, আওয়ামী লীগ ঘোষিত হরতালের আগের রাতেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।




