
: কক্সবাজারে অবকাশ যাপনরত নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস করাকে ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘এনসিপি নেতারা পরিবার নিয়ে ব্যক্তিগত অবকাশযাপনে কক্সবাজারে গিয়েছেন। তাদের সিসিটিভি ফুটেজ ফাঁস করে এবং নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা সন্তুষ্ট। এর প্রতিফলন দেখতে চাই জুলাই সনদে।’
এর আগে দিনভর আলোচনার কেন্দ্রে ছিল এনসিপির শীর্ষ পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার ভ্রমণ। কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ইনানীর হোটেল রয়্যাল টিউলিপ সী পার্লে তাদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘এনসিপির পাঁচ নেতা মঙ্গলবার কক্সবাজারে অবস্থান করছেন।’
বিমানবন্দর সূত্র জানায়, ওইদিন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজারে পৌঁছান। তবে ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের পথেই বিমানবন্দর ত্যাগ করেন তারা। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বেলা ১২টার পর সবাই ইনানীর রয়্যাল টিউলিপ সী পার্ল হোটেলে অবস্থান নেন।
নেতারা হলেন-হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।
তাদের অবস্থান জানাজানি হওয়ার পর উখিয়া বিএনপির নেতাকর্মীরা হোটেলের বাইরে জড়ো হন। তারা অভিযোগ করে বলেন, ‘৫ আগস্ট, একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনে বিদেশিদের সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠক রহস্যজনক ও উদ্বেগজনক।’




