আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দাবি জামায়াতের – Padmatimes24

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের অতীত রাজনৈতিক ঐতিহ্য অনুসরণ করে বর্তমান সরকারকে অবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, এই সনদের ভিত্তিতেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

বুধবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ডা. তাহের বলেন, “জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতে দেশে অনুষ্ঠিত প্রতিটি গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছে এবং সংসদে প্রতিনিধিত্ব করেছে। এবারও আমরা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু লক্ষ্য করছি, উপযুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।”

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ‘জুলাই সনদ’ হতে পারে পথনির্দেশক। সেই লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত সনদটিকে আইনি ভিত্তি দিতে হবে।

জামায়াত নেতা অতীতের রাজনৈতিক উদাহরণ টেনে বলেন, “১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের (LFO) মাধ্যমে ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনের ভিত্তিতেই ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন হয়। একইভাবে ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখা অনুসরণে সাহাবুদ্দিনের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, যদিও সে রূপরেখার আইনি ভিত্তির অভাবে এর অনেক দিক বাস্তবায়িত হয়নি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার সময় মুজিবনগর সরকার ১০ মাসের যুদ্ধে নেতৃত্ব দেয় একটি ঘোষণাপত্রের ভিত্তিতে। ৭৫-এর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক প্রশাসক থেকে প্রেসিডেন্ট হয়ে ওঠেন গণভোট ও অধ্যাদেশের মাধ্যমে। সব ক্ষেত্রেই রাজনৈতিক রূপরেখাগুলোর আইনি ভিত্তি দেওয়া হয়েছিল।”

তাই এখন প্রশ্ন উঠছে, “জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে বাধা কোথায়?” -এ প্রশ্ন রাখেন ডা. তাহের।

তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ‘জুলাই সনদ’ প্রণয়ন ও তা অধ্যাদেশ, এলএফও কিংবা গণভোটের মাধ্যমে আইনি বৈধতা দেওয়া হবে। অন্যথায় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ব্যর্থ হবে।”

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন জামায়াত নেতা।

ডা. তাহের অভিযোগ করেন, “জুলাই সনদ নিয়ে জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় হতাশা, উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। শহীদ, আহত ও জুলাই আন্দোলনের কর্মীদের মধ্যেও এই বিষয়ে অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে।”

শেষে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে দ্রুত ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে তুলে ধরতে হবে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *