
নিজস্ব প্রতিবেদক, বাঘা: রাজশাহীর বাঘার পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির রাজশাহী জেলা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক। বুধবার (২০ আগস্ট) দুপুরে চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুই শতাধিক পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন তিনি।
এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন মানিক খান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তা হিসেবে এ খাদ্য বিতরণ করা হচ্ছে। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমানুষের নেতা ছিলেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তিনি। তার সহধর্মিণী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহামুদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নান্নু, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, শিক্ষক আবু তালিব, ফারুক খান, সাবেক ছাত্র নেতা সাহাবাজ আলী, স্থানীয় নারী সদস্য রানুয়ারা খাতুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
সরকারি হিসাবে জানা গেছে, বন্যায় চকরাজাপুর ইউনিয়নের ৬টি গ্রাম ও গড়গড়ি ইউনিয়নের ৪টি গ্রামসহ প্রায় ২ হাজার ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া ইউনিয়নের ১,৭০০ বিঘা আবাদি জমি, গোচারণভূমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আংশিক পানিতে তলিয়ে গেছে এবং পদ্মার ভাঙনে ঝুঁকিতে রয়েছে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ আশপাশের প্রায় ৫০টি পরিবার।
উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, বন্যায় উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, দুর্গত পরিবারগুলোর মাঝে সরকারিভাবে চাল ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে।




