আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাকসুর ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী ছাত্রদল নেতা মিঠু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু। রোববার বিকেলে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে তিনি সিনেট ছাত্র প্রতিনিধি পদেও মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাকসু নির্বাচনে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা দেয় ছাত্রদল। শীর্ষ পদে আলোচনায় থাকলেও প্যানেলে জায়গা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন মাহমুদুল মিঠু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্যানেল ঘোষণার আগে মিঠুর নাম ভিপি পদে আলোচনায় ছিল। তবে ঘোষণার সময় তিনি ও তাঁর অনুসারীরা উপস্থিত ছিলেন না। ক্যাম্পাসে গুঞ্জন ছড়িয়েছে, তিনি ছাত্রদলের পদ থেকেও পদত্যাগ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি বিষয়টি অস্বীকার করেছেন।

মাহমুদুল মিঠু বলেন, ‘আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। পাশাপাশি সিনেট প্রতিনিধি পদেও মনোনয়নপত্র দাখিল করেছি। পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ, এ বিষয়ে দল থেকেই সঠিক তথ্য জানা যাবে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘মিঠু আমাদের পরীক্ষিত ছাত্রনেতা। আমাদের হাত ধরেই তাঁর রাজনীতির শুরু। আমরা আশা করছি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। তিনি এখনও পদত্যাগপত্র জমা দেননি।’

ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির। জিএস পদে থাকছেন দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে লড়বেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা। প্যানেলের ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *