আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

নির্বাচনী পরিবেশ ঘোলা করতে একটি দল সক্রিয়: মিলন – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল নির্বাচনী পরিবেশ ঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

রোববার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিলন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু একটি দল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। তারা একদিকে প্রার্থী চূড়ান্ত করছে, অন্যদিকে ঢাকায় বসে নানা প্রচারণা চালাচ্ছে।”

জামায়াতে ইসলাম সম্পর্কে তিনি বলেন, “এই দলটি সব সময় দেশের বিরুদ্ধে কাজ করেছে। ১৯৪৭ সালের সময় থেকে ১৯৭১ সাল পর্যন্ত তারা পাকিস্তানের পক্ষেই অবস্থান নিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় তারা নিরীহ মানুষ হত্যা ও নারীদের ওপর নির্যাতনের সহযোগিতা করেছিল।”

তিনি উপস্থিত নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “এই মোনাফেক দল থেকে সবাইকে সাবধান থাকতে হবে।”

মিলন আরও বলেন, “আগামী নির্বাচন হবে প্রতিহিংসামুক্ত ও অবাধ। জনগণের ভোটে নির্বাচিতরাই দেশ পরিচালনা করবে। বাংলাদেশে আর এক ব্যক্তির ভোটে কেউ এমপি বা মন্ত্রী হতে পারবে না। কারা সেই চেষ্টা করবে, তাদের পরিণতি হবে স্বৈরাচার হাসিনার মতো।”

তিনি দাবি করেন, “আওয়ামী লীগের সময় বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, কিন্তু ৫ আগস্টের পর বিএনপি কাউকে প্রতিশোধ নেয়নি। তারেক রহমানের নির্দেশে আমরা সহিংসতার পরিবর্তে শান্তি বজায় রাখছি।”

সমাজে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মিলন বলেন, “ভদ্র সমাজের নীরবতা খারাপদের সাহস জোগায়। তাই সবাইকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন মৌগাছী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ আলী সরকার। সাধারণ সম্পাদক শাফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিলন, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর-এ আলম সিদ্দিকি মুকুল, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম মাসুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *