
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: নাটোরকে শান্তি ও উন্নয়নের নগরীতে পরিণত করার অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, “ধানের শীষের মার্কাই উন্নয়নের প্রতীক। বিএনপি ক্ষমতায় এলে নাটোর হবে একটি আধুনিক, সমৃদ্ধ ও বাসযোগ্য জেলা।”
রোববার (২৬ অক্টোবর) বিকেলে নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, সদস্য সাইফুল ইসলাম আফতাব, এম এ হাফিজ, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।
দুলু বলেন, “আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়ছি। বিএনপি জনগণের দল, এই দলের লক্ষ্য জনগণের সেবা করা। উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “এই সরকারের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের মানুষ কষ্টে আছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।”
সভা শেষে দুলু স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।




