
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল। রোববার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে এই গণমিছিলের নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।
শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে গিয়ে পথসভায় পরিণত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে শিবগঞ্জের যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। দেশের অন্যতম স্থলবন্দর সোনামসজিদকে ডিজিটাল রূপে আধুনিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “দায়িত্ব পেলে শিবগঞ্জের ৪০ বছরের চেহারা বদলে দেব। রপ্তানিমুখী শিল্পনগরী হিসেবে শিবগঞ্জকে গড়ে তোলা হবে।”
একই সঙ্গে তিনি ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরে বলেন, “এখানে সব ধর্মের মানুষ ভাই ভাই। কেউ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে না। ধর্মকে পণ্য বানিয়ে জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ করতে হবে।”
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহাঃ হায়াত উদ্দৌলা, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন অপু, পৌর বিএনপির সদস্যসচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান কবির টুটুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণমিছিলে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে শিবগঞ্জ শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা।




