
: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।
সোমবার (৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দলীয় মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “আমার মনোনয়ন আপাতত ‘অন হোল্ড’ অবস্থায় রয়েছে। বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই ৬৩টি আসন এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১২-১৫ বছর ধরে সুখে-দুঃখে বিএনপির পাশে থাকা দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কথা চলছে। দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজে দেখছে—সে বিবেচনাতেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”
দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ করছেন—এ বিষয়ে রুমিন বলেন, “বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে। অনেক আসনে ১০-১২ জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত, মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন।
মনোনয়ন তালিকাকে ‘প্রাথমিক’ বলে মন্তব্য করে রুমিন বলেন, “সময় অনুযায়ী তালিকায় পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। নির্বাচন কমিশন সংক্রান্ত কিছু আইনি জটিলতার কারণেও কয়েকটি আসনের মনোনয়ন স্থগিত রয়েছে। বাগেরহাট-২ আসন তার একটি উদাহরণ।”
নারী প্রার্থীর সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, “যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব।”




