
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেললাইনে শুয়ে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত নেতার কর্মী ও সমর্থকরা। বুধবার সন্ধ্যায় নাটোরের আজিমনগর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
বিএনপি কর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়। এতে মনোনয়নপ্রত্যাশী চিকিৎসক ইয়াসির আরাফাত রাজন এবং তাঁর সমর্থকরা সোমবারই ব্যাপক বিক্ষোভ দেখান।
বুধবার বিকেল চারটার দিকে মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর কয়েকশ কর্মী-সমর্থক গোপালপুরে লালপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বর থেকে মিছিল বের করে আজিমনগর রেলস্টেশন পর্যন্ত পৌঁছান। তারা রেললাইনে শুয়ে পড়ে প্রায় এক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
বিক্ষোভকালে বক্তব্য রাখেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমানসহ দলের অন্য নেতারা। তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের মতামত উপেক্ষা করে ফারজানা শারমিনকে মনোনয়ন দিয়েছে, যা ভুল সিদ্ধান্ত। তারা দাবি করেন, মনোনয়ন বাতিল করে তাইফুল ইসলামকে দেওয়া হোক।
এ বিষয়ে তাইফুল ইসলাম বলেন, “আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলাম এবং দীর্ঘদিন জেল-জুলুম সহ্য করে বিএনপিতে সক্রিয় দায়িত্ব পালন করেছি। নেতাকর্মী ও সমর্থকেরা আমাকে নাটোর-১ আসনের প্রার্থী হিসেবে দেখতে চান। এই কারণে তারা মনোনয়ন বদলের দাবিতে বিক্ষোভ করছে।”
মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন বলেন, “আমার ছাড়াও যারা মনোনয়ন চেয়েছিলেন, তারা সকলেই যোগ্য। কিন্তু এক আসন থেকে এক জনকেই দল মনোনয়ন দেবে। অন্যদের উচিত দলীয় সিদ্ধান্ত মেনে আমাকে সহযোগিতা করা। আমি আশা করি, বিক্ষোভকারীরাও একসময় আমার পাশে থাকবেন।”




