আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সরকারের ভেতরেই ভূত আছে: রিজভী – Padmatimes24

: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য সরকারের ভেতর থেকেই কেউ কেউ কাজ করছে।’

তিনি প্রশ্ন তোলেন- ‘সরকারই-বা এত দিন নীরব বসে থাকল কেন? সরকারের ভেতরেই ভূত আছে। আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে সরকার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সবাই নয়, কেউ কেউ।’

বুধবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে জিয়াউর রহমান আর্কাইভের উদ্যোগে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-তরুণ-শ্রমিকেরা যে প্রাণশক্তি ও আত্মত্যাগ দেখিয়েছে, তার পরে আর কোনো বৈরিতা থাকার কথা নয়। সব গণতান্ত্রিক শক্তিকে তর্ক-বিতর্ক পেরিয়ে এক জায়গায় পৌঁছাতে হবে- আমরা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে গড়ে তুলব। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী রাখাই হবে সেই চেতনার মূল ভিত্তি।’

তিনি আরও বলেন, ‘যাঁরা বলছেন “জুলাই সনদ আইনি প্রক্রিয়ায় না হলে হবে না”, তাঁরা এতই আইন বিশেষজ্ঞ হলে শেখ হাসিনার আমলে যে বেআইনি কাজগুলো হয়েছে, তখন বুক চিতিয়ে দাঁড়াননি কেন? আজ বলা হচ্ছে- জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে ২০২৯ সালে নির্বাচন হবে না! এক রাজনৈতিক দলের নেতা এমন কথাও বলেছেন।’

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতামূলক ঘটনার বিষয়ে রিজভী বলেন, ‘তারা বোমা বানাচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে- এতে প্রমাণ হয় তাদের অমানবিক নিষ্ঠুরতার চেহারা নতুন কিছু নয়। রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে বাসে আগুন দিয়ে, মানুষ পুড়িয়ে হত্যা করে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে তারা।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *