আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন, ছাত্রশিবিরের ভাঙচুর

: রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সমবেত জনতা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ছাত্রশিবিরের কর্মীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এর আগে, শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দুপুরে গুলিস্তানে অবস্থান নেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানারসহ নেতা-কর্মীদের মাথায় জাতীয় পতাকা বাঁধা ও হাতে লাঠি নিয়ে অবস্থান করতে দেখা যায়। তাদের ব্যানারে লেখা ছিল সংগঠনের নাম ও কর্মসূচির আহ্বান।

গত বছরের ৫ আগস্ট, হাসিনা সরকারের পতনের সময়ও বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পরে ভবনটি কয়েক মাস পরিত্যক্ত থাকলেও ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ পক্ষের শক্তি সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করে।

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুইজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। আগামী ১৭ নভেম্বর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যান্যরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *