আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল – Padmatimes24

: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গতকাল রাতে চিকিৎসকেরা জানিয়েছেন- খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটময়।”

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য আজ সারাদেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। এ জন্য তিনি নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন। দুই দিন ধরে তিনি আবারও মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর সুস্থতার জন্য আমরা জাতির কাছে দোয়া চেয়েছি।”

তিনি আরও বলেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর একাধিকবার শারীরিক জটিলতায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *