আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

দুধে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা – Padmatimes24

: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য হোসেন মিয়া এক ভিডিও বার্তায় দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই তা ব্যাপক আলোচনায় আসে।

ভিডিওতে দেখা যায়, দুধ ঢালতে ঢালতে হোসেন মিয়া বারবার বলছেন, “জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। আর কোনোদিন রাজনীতি করব না। জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে। কিন্তু দলের নেতা-কর্মীদের আচরণ, স্বার্থের রাজনীতি আর অবমূল্যায়ন আমাকে ভেঙে দিয়েছে।”

তিনি আরও বলেন, “টাকা-পয়সা না থাকলে, মামু-খালুর আশ্রয় না থাকলে কিংবা ক্ষমতাসীন কারও শ্বশুরবাড়ির ক্ষমতা না থাকলে রাজনীতি করা কষ্টকর। করলে আমার মতো অবস্থা হবে। তাই সব কিছু ধুয়ে-ফেলে নতুনভাবে শুরু করতেই দুধ দিয়ে গোসল করলাম।”

দলীয় সূত্র জানায়, হোসেন মিয়া বেশ কয়েকবছর ধরে এলাকায় যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ কোন্দল, স্বার্থের দ্বন্দ্ব ও কিছু নেতার আচরণে তিনি হতাশ ছিলেন। তার ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিওটি দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বলেন, “ভিডিওটি দেখেছি। তাঁর সিদ্ধান্তের বিষয়ে এখনই কিছু বলতে চাই না। পরে কথা বলে বিস্তারিত জানব। তবে দলীয়ভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।’’

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। স্থানীয়রা বলছেন, এমন অস্বাভাবিক উপায়ে রাজনীতি ছাড়ার ঘটনা এলাকায় আগে কখনো দেখা যায়নি। হোসেন মিয়ার এমন সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত ক্ষোভ ও মানসিক চাপে জমে থাকা অভিজ্ঞতার বহিঃপ্রকাশ হতে পরে। তবে বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলেই মনে করছেন অনেকে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *