
: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। তবে কিছু গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা করছে।”
রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, দেশে ১৫ বছর পর গণতন্ত্র ফিরে আসার সুযোগ এসেছে, কিন্তু নানা বাধা রয়েছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং সাইবারওয়ারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে এগোতে পারে।”
তিনি আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং নতুন চিন্তার আলোকে বিএনপিকে তৈরি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মির্জা ফখরুল উল্লেখ করেন, তরুণ সমাজের মধ্যে পরিবর্তনের প্রবণতা স্পষ্ট, নতুন বাংলাদেশের ভাবনা ছড়িয়ে পড়েছে এবং পুরানো রাষ্ট্রকাঠামো আর কার্যকর হচ্ছে না।
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, তার চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারেক রহমান নিজেই পুরো প্রক্রিয়া তদারকি করছেন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা চিকিৎসা করছেন। তিনি আশাবাদ প্রকাশ করেন, “এতো মানুষের প্রার্থনা স্রষ্টা নিশ্চয়ই কবুল করবেন।”




