
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার এক দলকে কোলে নিয়ে আরেক দলকে কাঁধে নিয়ে চলছে। শহীদদের রক্ত বিক্রি করে রাজনীতি করা হচ্ছে।’’
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, “বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকলেও তারা সফল হবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়, গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য লড়াই করছে।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে পক্ষপাতমূলক আচরণ না করার আহ্বান জানিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর দাবি জানাই।
জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা জামায়াতকে গালি দেয়, তারাই এখন তাদের সঙ্গে হাত মিলাচ্ছে। বিএনপি গণতন্ত্রকামী দল, দয়া করে আমাদের নিয়ে কটাক্ষ করবেন না।”
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মৌন মিছিল বের হয়। মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ, মৌচাক হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



