আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

তানোরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির ঐতিহাসিক আনন্দ র‍্যালি

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে আয়োজিত র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন বলেন, “গত বছরের আন্দোলনের মধ্য দিয়েই ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। নতুন বাংলাদেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আগাম নির্বাচনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এই দায়িত্ব নিতে প্রস্তুত।”

তানোরে বিএনপির ইতিহাসে অন্যতম বৃহৎ এ র‍্যালি ও সভার মূল আয়োজক ছিলেন দল থেকে বহিষ্কৃত সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। উল্লেখযোগ্য যে, উপজেলার সাতটি ইউনিয়ন ও দুই পৌরসভার প্রায় ৯০ শতাংশ নেতাকর্মী মিজানকে কেন্দ্র করেই স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তার আহ্বানে হাজারো নেতাকর্মীর উপস্থিতি র‍্যালিকে পরিণত করেছে এক ব্যতিক্রমী জনসমুদ্রে।

আলোচনা সভার সময় মঞ্চের নিচে অবস্থান করা মিজানকে নেতাকর্মীরা কাঁধে তুলে মঞ্চে নিয়ে আসেন। বক্তব্যে তিনি বলেন, “এই আসনে মেজর (অব.) শরিফ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং বিপুল ভোটে বিজয় অর্জন করব। রাজশাহী-১ হবে ধানের শীষের দুর্গ।”

তিনি আরও বলেন, তানোরে বিএনপি মানে জনগণের ভালোবাসা, আর সেই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছে তৃণমূলের শক্তি। মিজানুর রহমান মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তোলেন উপজেলার প্রায় সব পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল খাঁন, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদুর রহমান, পাঁচন্দর ইউপি সভাপতি মুজিবুর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা গোলাম মোর্তুজা, এমদাদুল হক, সুলতান আহম্মেদ, শরিয়তুল্লাহ, মিজানুর রহমান লাটু, জার্জিস মন্ডল, কামরুল হাসানসহ দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় সব নেতাকর্মী। র‍্যালি ও সভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একে স্মরণকালের অন্যতম বৃহৎ রাজনৈতিক জমায়েতে রূপ দিয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *