আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

মহাদেবপুরে ধানের শীষের মনোনীত প্রার্থীর বিশাল কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে বৃহৎ নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ড ঘোষপাড়ার মোড়ে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির অঙ্গসংগঠন ও ধানের শীষ সমর্থকগোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সেকেন্দার আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক মন্ডল, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান ও সদস্য সচিব রিপন মাহমুদ। এছাড়া অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রায় ছয় হাজার নারী-পুরুষ অংশগ্রহণকারীরা বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে কাজ করার শপথ গ্রহণ করেন। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং দলের সিদ্ধান্ত মেনে চলার গুরুত্ব জানান। তারা বলেছিলেন, যেসব এলাকায় অতীতে ধানের শীষের পক্ষে বেশি ভোট এসেছে, সেখানে কোনো ধরনের বৈষম্য বা বিভাজন সৃষ্টি করা চলবে না।

বক্তারা আরও বলেন, দলের মনোনয়ন না পাওয়ায় যারা আগে বিক্ষোভ, মানববন্ধন বা সড়ক অবরোধ করেছেন, তারা রাগ ও অভিমান ত্যাগ করে ধানের শীষের পক্ষে কাজ শুরু করবেন। সভার শুরুতে প্রধান অতিথি তারেক রহমানের অডিও ক্লিপ শোনান, যেখানে দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষ মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা বলা হয়।

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *