
নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : রাজশাহীর তানোরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এতিম শিশু-কিশোরদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার মুন্ডুমালা পৌরসভার ক্বওমি মাদরাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ তানোর-গোদাগাড়ীর বিএনপির নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক নিজ হাতে প্রায় ৩০০ এতিম শিশু-কিশোরের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন।




