আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ডাকসুর ভোট গণনা ঘিরে ঢাবির প্রবেশপথে জমায়েতের অবস্থান

: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে মানুষের জমায়েত বাড়তে শুরু করেছে। নির্বাচনী বিধিনিষেধের কারণে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তারা প্রবেশপথের বাইরে অবস্থান করছেন।

আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারা দিচ্ছে এবং প্রত্যেকের পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিচ্ছে। তবে বহিরাগতদের ফিরিয়ে দেওয়ায় তারা শাহবাগ, নীলক্ষেত, চানখারপুলসহ বিভিন্ন প্রবেশপথের বাইরে অবস্থান নিতে শুরু করেছেন।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, নীলক্ষেত, শাহবাগ ও চানখারপুল এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। অন্যদিকে, শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন, নয়টি প্রবেশপথে বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়। ছাত্রশিবির সমর্থিত দুই প্রার্থীর ব্যালটে আগে থেকেই টিক চিহ্ন দেওয়ার অভিযোগ তুলে টিএসসিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। রাতে ভোট গণনার সময় খালি ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ছাত্রদল বিক্ষোভ করে।

বিকেল থেকে প্রবেশপথগুলোতে মানুষের ভিড় ক্রমেই বাড়তে থাকে। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জমায়েত সরানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শাহবাগ, নীলক্ষেতসহ প্রায় সব প্রবেশপথের বাইরে জটলা করতে দেখা গেছে উৎসুক জনতাকে।

অবস্থানকারীদের অনেকেই সরাসরি পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছেন, তারা ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন বা বিজয় মিছিলে যোগ দিতে এসেছেন।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, “ডাকসু নির্বাচন একটি আইকনিক নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ বেশি। আমরা সতর্ক অবস্থানে আছি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে।”

ভোট গণনা শেষ হলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *