আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

শাপলা ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক সংকট নিয়ে সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব। যদি প্রতীক না দেওয়া হয়, তবে আমাদের সমাধান হবে রাজপথে।’

গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সারজিস আলম অভিযোগ করেন, বৈধ প্রক্রিয়া মেনেই এনসিপি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। কিন্তু নির্বাচন কমিশন এখনো কোনো আইনগত বা যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেনি, কেন এনসিপিকে প্রতীক দেওয়া হবে না। তার দাবি, নির্বাচন কমিশন ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে কাজ করছে।

এ সময় তিনি আরও জানান, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং সমমনা কয়েকটি দলের সঙ্গে এনসিপির আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা আলোচনায় আছি, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ।’

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, দেশে রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে মামলাবাজি চলছে। নিরপরাধদের হয়রানি বন্ধ না হলে এনসিপি রাজপথে প্রতিবাদে নামবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘২০২৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছেন বা ফ্যাসিস্ট কাঠামোতে সহযোগিতা করেছেন, তাঁদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *