
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে চাঁদাবাজি, দখলবাজি ও টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপির একাংশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অপরপক্ষের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির নেতাদের অংশগ্রহণে দুর্গাপুর সদরে “সর্বস্তরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনতা” ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। সিংগা হাট মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আয়নাল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা হাসান ফারুক ইমাম সুমন।
বক্তারা অভিযোগ করেন, দলের একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থে দখল ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ নেতাকর্মীদের ওপর অন্যায় আচরণ করছে। তারা দাবি করেন, আওয়ামী লীগপন্থী বিতর্কিত ব্যক্তিদের টাকার বিনিময়ে পুনর্বাসন করা হচ্ছে, যা বিএনপির আদর্শের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করা হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সভাপতি বজলুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র প্রার্থী জার্সিস হোসেন সোহেল এবং বিএনপি নেতা গোলাম মোর্তুজা।
জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, সাবেক কাউন্সিলর জহুরুল হক মিরুন, জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মাসুম, মোহাম্মদ রেন্টু, সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হাসান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিলন হোসেন, উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল আলেক, জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহম্মেদ পলাশ, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব হাসান, যুগ্ম-আহ্বায়ক ফায়সাল আহমেদ শান্ত ও সদস্য সাগর আলী প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক শতাধিক নেতাকর্মী দলীয় পতাকা হাতে অংশ নেন।
বক্তারা দলের ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, দলের ভেতরের অপশক্তি দূর করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা দিতে হবে।




