আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বাগমারায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কামাল হোসেন বলেন, “দীর্ঘদিন আমরা খোলামেলা রাজনৈতিক কার্যক্রম চালাতে পারিনি। ফ্যাসিবাদী সরকার আমাদের ওপর মামলা-হামলা করেছে, নেতাকর্মীদের জেলে পাঠিয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বললেই মানুষকে গ্রেপ্তার ও হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু বাংলার মানুষ এখন অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছেন, এখন সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।”

তিনি আরও বলেন, “দেশের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর বিএনপি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ও উন্নয়ন চাইলে বিএনপির কোনো বিকল্প নেই।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার, তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে নারী-পুরুষের উপচে পড়া উপস্থিতিতে মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। বৈঠক শেষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয় এবং নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *