আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধের ডাক আবু সাইদ চাঁদের

নিজস্ব প্রতিবেদক, চারঘাট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, “আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, এটি চারঘাট-বাঘার সকল মানুষের মনোনয়ন। আগামী নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন হবে। তাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

মঙ্গলবার বিকেলে শলুয়া ইউনিয়নের মাড়িয়া ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল।

আবু সাইদ চাঁদ বলেন, “বিএনপি একটি বৃহৎ দল, এখানে একাধিক নেতা মনোনয়ন চাইবেন- এটাই স্বাভাবিক। তবে দল একজনকেই মনোনয়ন দেয়, সেটিও স্বাভাবিক প্রক্রিয়া। যারা মনোনয়ন চেয়েছেন, তারাও আমাদের দলের মূল্যবান নেতা। আমি সবাইকে আহ্বান জানাই- আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলতে হবে। পাশাপাশি ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালনের জন্য সবাইকে সক্রিয় থাকতে হবে।”

আবু সাইদ চাঁদ বলেন, “ধানের শীষ আশা ও অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমি চাই, জনগণের ভোটে এই এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার হোক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবলু হোসেন, চারঘাট পৌরসভা বিএনপির সভাপতি মোমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *