আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

১৪০ আসনে প্রার্থী ঘোষণা গণতন্ত্র মঞ্চের – Padmatimes24

: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ছয় দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

ঘোষিত তালিকায় শীর্ষ নেতাদেরও প্রার্থী করা হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-৮, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬, জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম কিশোরগঞ্জ-৫ এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল জামালপুর-৫ আসনে মনোনীত হয়েছেন।

২০২২ সালের ৮ আগস্ট জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ‘গণতন্ত্র মঞ্চ’ গঠন করে। পরে গণঅধিকার পরিষদ এই জোট থেকে সরে দাঁড়ায়।

সংবাদ সম্মেলনে হাসনাত কাইয়ুম বলেন, “আমরা ছয়টি সংগঠন একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ফলে গণতন্ত্র মঞ্চের পরিধি শিগগিরই আরও বাড়তে পারে।”

তিনি জানান, ৩০০ আসনেই প্রার্থী দেয়ার লক্ষ্যে তিনধরনের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রথম দফায় ১৪০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, বাকি আসনগুলো পরে জানানো হবে। তিনি আরও বলেন, “যদি বৃহত্তর জোট গঠিত হয়, তাহলে সমঝোতার ভিত্তিতে আসন সংখ্যা বাড়ানো বা কমানো হবে।”

প্রার্থীদের নাম পরে পড়ে শোনান রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও তানিয়া রব এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবুল।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *