
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, “আওয়ামী লীগ সরকারের পতনের আগে সতের বছরে তারা প্রায় চৌদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।”
মঙ্গলবার পবা উপজেলার পারিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মিলন বলেন, “দেশে খুন, গুম, গায়েবি মামলা, মেগা প্রকল্পে লোপাট ও রাতের ভোট—এসবই ছিল তাদের শাসনের চিত্র।”
তিনি আরও দাবি করেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়, তার পরিবারকেই শুধু রক্ষা করেছে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বেগম খালেদা জিয়া তিনটি আসনে এবং তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করবেন। দলের মনোনয়ন নিয়ে ভিন্নমত না থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা মনোনয়ন পাননি তারাও ধানের শীষের সৈনিক।”
মিলন নির্বাচিত হলে পবা-মোহনপুরের রাস্তাঘাট, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও কৃষিখাতে উন্নয়ন এবং পরিবারভিত্তিক সহায়তা কার্ড চালুর প্রতিশ্রুতি দেন।
সভায় সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ বাবলু এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




