
: বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। খবর-বিডিনিউজ
গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষ থেকে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে বলা হয়েছে, “অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপিকে সহযোগিতা স্থগিত রেখে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করতে হবে। নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে হবে।”
‘বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনি সহযোগিতা ও জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘনের উদ্বেগ’ শীর্ষক চিঠিতে আওয়ামী লীগ জানায়, আসন্ন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক বা বিশ্বাসযোগ্য নয়; এতে ইউএনডিপির সম্পৃক্ততা নিরপেক্ষতার নীতির পরিপন্থী হতে পারে।
দলটি অভিযোগ করে, “বর্তমানে দেশে দমনমূলক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। হাজারো নেতা–কর্মী, সাংবাদিক, পেশাজীবী ও নাগরিক আটক বা হুমকির মুখে আছেন। সংলাপ ও ঐকমত্যের পরিবেশ ধ্বংস হয়ে গেছে।”
চিঠিতে আরও বলা হয়, “বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন সত্যিকারের সংলাপ, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং সব দলের অংশগ্রহণ।”
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। ফলে দেশের অন্যতম প্রাচীন এই দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।
২০০৮ সালে ক্ষমতায় আসার পর দলটি ২০১১ সালে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি জাতীয় নির্বাচনেই অংশ নেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। প্রতিটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয় এবং তা ‘বিনা ভোটের’, ‘নীশিরাতের’ ও ‘আমি-ডামি’ নামে আলোচিত হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। পরে হাই কোর্টের এক রায়ে আংশিকভাবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পথ পুনরায় উন্মুক্ত হয়।




