আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জুলাই-আগস্টের আন্দোলনের মূল পরিকল্পনাকারী ছিলেন তারেক রহমান: মিলন – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ই ছিলেন জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনের মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) -এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার মাসকাটা দিঘী হাই স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশন রাজশাহী জেলার আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খেলায় কাটাখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের মাসকাটা দিঘী ফুটবল দল ৫-১ গোলে শ্যামপুর রাকিব ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশন রাজশাহী জেলার সদস্য সচিব সাজ্জাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব এডভোকেট আফানুর রহমান রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক নওহাটা পৌর মেয়র আলহাজ শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন লিটন, মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা, এবং বিএনপি নেতা নূরুল ইসলাম, অধ্যাপক শফিউল আযম বাবু, মাসুদ রানা, নাজির হোসেন নাজির প্রমুখ।

বক্তব্যে মিলন বলেন, “তারেক রহমানের ডাকে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। হাসিনা এখন ভারতে থেকে ষড়যন্ত্রে লিপ্ত।”

জামায়াতে ইসলাম নিয়ে মিলন বলেন, “এই দল সব সময় মোনাফেকী করেছে। ১৯৪৭ সালে ভারতের, ১৯৭১ সালে পাকিস্তানের, আর ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের পক্ষে গিয়ে তারা নিজেদের জাতীয় মুনাফেকে পরিণত করেছে। তারা এখনো বেহেশতের টিকিট বিক্রি করছে। এদের থেকে দূরে থাকুন।”

তিনি আরও যোগ করেন, “বিএনপির জন্মই সংস্কারের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনীতিতে সংস্কার এনেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতিতে পরিবর্তন এনে সেই ধারাকে শক্তিশালী করেছেন।”

শেষে মিলন উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *